সাতকানিয়া প্রতিনিধি,মোহাম্মদ আমানত হোসাইন:
চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে হারানোর ২৪ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন স্ত্রী রেশমী আক্তার (২৫)। টানা ২৪ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত রেশমী আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি মৃত দেলোয়ারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার, ছোট মেয়ে ওয়াসিফা জান্নাত ও পরিবারের পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রেশমীর স্বামী দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় রেশমী ও তার মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রেশমীর মৃত্যু হয়েছে। তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
রেশমীর মৃত্যুর মধ্য দিয়ে ওই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুসন্তানসহ তিনজনের মৃত্যু হলো। একটি দুর্ঘটনা মুহূর্তেই শেষ করে দিল একটি পুরো পরিবারকে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM