
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম (শফি ভাওয়াইয়া) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকি মো. আহসান হাবীব (সজিব)।
গতকাল ১৩ নভেম্বর সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাওয়াইয়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন দীপ্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মন।
সভায় ভাওয়াইয়া শিল্পী, কলাকুশলী ও ভাওয়াইয়া সংগীতপ্রেমী শ্রোতারা উপস্থিত ছিলেন। তাঁদের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্য সদস্যদের নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, কুড়িগ্রাম ভাওয়াইয়া গানের অন্যতম সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীতের সংরক্ষণ, চর্চা ও প্রসারে নবগঠিত জেলা শাখার কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।