সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এ রোগ প্রতিরোধে ব্যক্তি পর্যায়ের সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ডায়াবেটিস প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি অডিটোরিয়াম চত্বরে এ ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে এসে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় হাসপাতালভিত্তিক চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব।
তিনি আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধে মানুষের জীবনযাত্রায় সচেতন পরিবর্তন আনতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। সুস্থ জীবনযাপন ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ রোগের ঝুঁকি কমিয়ে আনতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM