মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না
মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০)।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক্টর। এ সময় নাতিকে বাঁচাতে দ্রুত তাকে সরিয়ে দেন তিনি। নাতি প্রাণে বেঁচে গেলেও নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগে তার। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, "শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।"
দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি। নাতিকে বাঁচিয়ে দাদার এমন মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM