আরিফুল ইসলাম (এ আই তারেক), লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি খাসজমি দখল করে ঘর নির্মাণের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দৈনিক ‘খোলা কাগজ’ পত্রিকার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক মাহফুজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মাহফুজের হাতের দুটি আঙুল ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই ঘটনায় তাঁর বোন ও ভাগ্নিও আহত হয়েছেন। তাঁদের মধ্যে ভাগ্নির মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১১ নভেম্বর (বুধবার) উপজেলার ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজুমিয়ার হাট বাজার এলাকায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় তিন শতাংশ জমি দখল করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করার অভিযোগ উঠেছে স্থানীয় বিপ্লব হাওলাদার ও তাঁর ছেলে সাব্বিরের বিরুদ্ধে। স্থানীয় হাওলাদার পরিবারের হোসেন হাওলাদারের ছেলে শওকত হাওলাদারের সহযোগিতায় তাঁরা ওই জমিতে ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন দুপুরে পেশাগত কাজে ওই এলাকায় যান সাংবাদিক মাহফুজ। এ সময় সরকারি জমিতে ঘর নির্মাণের দৃশ্য দেখতে পেয়ে তিনি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে। পরে ওই দিন সন্ধ্যায় সাংবাদিক মাহফুজ ফজুমিয়ার হাট বাজারে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ সময় তাঁকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে সাংবাদিক মাহফুজের হাতের দুটি আঙুল ভেঙে যায় এবং তাঁর বোন ও ভাগ্নি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।
সরকারি খাসজমিতে ঘর নির্মাণের বিষয়ে চর কাদিরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘরের কাজের তথ্য পেয়েছেন। তবে দখল ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আরও খোঁজখবর দেখব।”
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, “এ বিষয়ে তথ্য পেয়েছি। তহসিলদারকে পাঠিয়ে সবাইকে কাজ বন্ধ রাখতে বলেছি। এরপরও কেউ কোনো কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে অভিযুক্ত শওকত হাওলাদার মারধরের অভিযোগ অস্বীকার করে জমি দখলের বিষয়ে বলেন, “নতুন করে কোনো জায়গা দখল করা হয়নি। আমরা আগের ঘরের কাজ করেছি।”
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সাংবাদিকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং সরকারি খাসজমি দখলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM