জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কাগজে-কলমে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন, উত্তোলন করা হয়েছে সরকারি বরাদ্দের অর্থ; অথচ বাস্তবে প্রকল্পের কোনো অস্তিত্বই নেই। কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রায় ২৯ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকারের বিরুদ্ধে। তবে এ অভিযোগের তদন্তে জেলা প্রশাসকের নির্দেশনার চার মাস পেরিয়ে গেলেও সরেজমিনে তদন্ত শুরু না হওয়ায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ১২টি অস্তিত্বহীন প্রকল্পের বিপরীতে ২৭ লাখ ৭৮ হাজার টাকা এবং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে আরও দুটি প্রকল্পের নামে ২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে ২৯ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে।অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারক নম্বর ৬৬৫-এর মাধ্যমে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলামকে। কিন্তু নির্দেশনার চার মাস পার হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগকারীদের দাবি। অভিযোগকারী ইউপি সদস্য রমিজ উদ্দিন ও স্থানীয়দের অভিযোগ, তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রকল্পগুলোর বাস্তব অবস্থা যাচাই করেননি। এতে সরকারি অর্থের অনিয়মের অভিযোগ তদন্তের পরিবর্তে ফাইলবন্দি হয়ে পড়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, জেলা প্রশাসকের নির্দেশনার পরও কেন তদন্ত কার্যক্রম এগোচ্ছে না? প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আয়েশা বেগম বলেন, কাজিয়াতল এলাকার একটি সড়কে গাইডওয়াল নির্মাণের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। পরে তাঁকে প্রকল্পটি বাতিল হয়েছে বলে জানানো হয়। কিন্তু পরবর্তী সময়ে নথিপত্রে ওই কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দের টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায় বলে তাঁর অভিযোগ। এ ঘটনায় প্রকল্পের বাস্তবায়ন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে একই স্থানে বিভিন্ন সময়ে প্রকল্পের নাম পরিবর্তন করে বরাদ্দ নেওয়া হয়েছে। কোনো কোনো প্রকল্পের বাস্তব অস্তিত্ব না থাকলেও সরকারি নথিতে কাজ সম্পন্ন দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন তাঁরা। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দ্রুত সরেজমিনে তদন্ত সম্পন্ন করার কথা জানান। তবে জেলা প্রশাসকের নির্দেশনার পরও চার মাস ধরে তদন্ত কার্যক্রম কেন এগোয়নি, সে বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। অভিযোগ অস্বীকার করে দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার দাবি করেন, সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সব কাজ পূর্ববর্তী অর্থবছরেই সম্পন্ন হয়েছে। মুরাদনগর উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সরকারি অর্থের এমন অনিয়মের অভিযোগের পাশাপাশি তদন্তে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দারোরা ইউনিয়নের বাসিন্দারা। তাঁদের দাবি, প্রকল্পগুলোর বরাদ্দ, অর্থ উত্তোলন, বাস্তবায়ন এবং কাজের অগ্রগতি নিরপেক্ষভাবে যাচাই করে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। একই সঙ্গে তদন্তে দায়িত্বে অবহেলা বা পক্ষপাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি বরাদ্দের অর্থ কোথায় ব্যয় হয়েছে, প্রকল্পগুলো বাস্তবে আদৌ বাস্তবায়িত হয়েছে কি না এবং অভিযোগের সত্যতা কতটুকু—এসব প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের ওপর।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM