আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:
যুক্তির শাণিত প্রয়োগ, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও মননশীল প্রজন্ম গঠনের প্রত্যয়ে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে ৩য় আন্তঃস্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‘যুক্তির মশালে মুছে যাক আঁধার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় নির্বাচিত বিতার্কিক দলগুলো। ফাইনাল পর্বকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিতর্ক কেবল যুক্তি-তর্কের প্রতিযোগিতা নয়; বরং এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। একই সঙ্গে বিতর্কচর্চা শিক্ষার্থীদের ভিন্নমতকে শ্রদ্ধা করতে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজস্ব অবস্থান তুলে ধরতে উদ্বুদ্ধ করে।
শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, মননশীলতা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM