মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় রাজশাহীর কাটাখালী থানাধীন সুচারন পশ্চিমপাড়া গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার প্রায় ৯০ থেকে ১০০ জন গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। সভায় মাদক প্রতিরোধে করণীয়, সামাজিক দায়িত্ব এবং মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।
সভায় কাটাখালী থানা পুলিশের পক্ষ থেকে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা মাদক বিস্তারের সঙ্গে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা। এলাকার কোথাও মাদক কেনাবেচা, মাদক সেবন কিংবা মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংসের মুখে পড়ে, তেমনি সমাজেও নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি হয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।
মাদক নয়, সুস্থ জীবন চাই—মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই হতে পারে আগামীর নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM