আবুল কালাম মুরাদনগর উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় আলোচিত প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার ঘটনায় দীর্ঘ ১০ মাস পর দুইজনকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। গতকাল বুধবার (১১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে শহিদুল্লাহ (৪০) ও খলিল ভূঁইয়ার ছেলে কাউছার মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পাপিয়া আক্তার প্রকাশ সুখীর স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১।
দীর্ঘদিন তদন্ত করেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পারায় পরবর্তীতে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে তদন্ত শুরু করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজনের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছর বয়সী ভাতিজা জুবায়েরকে হত্যা করা হয়।
দীর্ঘ ১০ মাস পর দুইজন গ্রেফতারের ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলাজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন পুলিশের পরবর্তী তদন্ত ও জিজ্ঞাসাবাদে এই আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হয় কি না, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM