মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩
শামছুল আলম রিপন,হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক মহাসড়কের পাশের অংশে দাঁড়িয়ে ছিল। পরে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা অভিমুখী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী মাঝারি আকারের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে রয়েছেন কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত খাইরুদ্দিনের ছেলে। অপর দুইজন হলেন আবুল কালাম আজাদ (২৮), পিতা কামারুজ্জামান, গ্রাম মোকাবিল, ইসলামপুর, কমলগঞ্জ এবং মো. মজনু মিয়া (৫৪), পিতা মাইনুদ্দিন মিয়া, গ্রাম কাকজোড়, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনা ও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM