ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান
৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে রাজশাহী মহানগরীতে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।
গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) মহানগরীর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয়। পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর প্রতিটি ওয়ার্ডে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ গুরুত্বের সঙ্গে পরিচ্ছন্নতা ও কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, নর্দমা, জঙ্গল, ঝোপঝাড়সহ যেসব স্থানে মশার বংশবিস্তার হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থানে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে।
শুধু ওয়ার্ডভিত্তিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকছে না রাসিকের এ উদ্যোগ। নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মশার প্রজননস্থল নিয়ন্ত্রণের পাশাপাশি নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে রাসিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসউদ রহমান সৌরভ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মশার উপদ্রব নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। আমরা চাই, প্রশাসকের এমন জনবান্ধব উদ্যোগগুলো নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকুক।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম সাটিয়ার বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় রাসিক প্রশাসকের এমন উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। নগরবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।
এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু গণমাধ্যমকে বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম গতকাল থেকে আবারও শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাসিকের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু কীটনাশক স্প্রে নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগরবাসীর প্রত্যাশা, ডেঙ্গু প্রতিরোধে রাসিকের এ বিশেষ অভিযান শুধু সাময়িক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নিয়মিত ও কার্যকর কার্যক্রম হিসেবে অব্যাহত থাকবে। এর মাধ্যমে রাজশাহী মহানগরীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM