জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরে নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য এবং আমদানিকারকের পরিচয়বিহীন বিদেশি পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরের বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মিয়ামী গ্র্যান্ড ভিউ নামের প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নকল ওটস বিক্রি ও সরবরাহ, নিম্নমানের এবং অনুমোদনহীন শিশুখাদ্য বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিক্রি হওয়া বিদেশি পণ্যের গায়ে আমদানিকারকের পরিচিতি, ঠিকানা ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ ছিল না। পাশাপাশি পণ্য কেনার বৈধ ভাউচারও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব অনিয়মের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM