মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক নাহিদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের ভেতরে অবস্থিত চালকের কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবস্থান করছিলেন ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক নাহিদ। তাঁদের অবস্থানের বিষয়টি জানাজানি হলে হাসপাতালের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন। এর আগে থেকেই সেখানে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ছিল বলে জানা গেছে।
এ সময় ছাত্রলীগের দুই নেতাকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে পুলিশকে ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করার অনুরোধ জানানো হয়। পরে পুলিশ তাঁদের আটক করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
পুলিশের মাধ্যমে তাঁদের থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ শুভ ও নাহিদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেন। ফলে হাসপাতাল এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে ঠিক কী কারণে ছাত্রলীগের ওই দুই নেতা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে কি না এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হবে, সে বিষয়েও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এমন ঘটনায় রোগী, স্বজন ও চিকিৎসাসেবা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM