মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অক্টোবর ২০২৬ মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে খুলনা বিভাগের দ্বিতীয় সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১০৩ শতাংশ অর্জন করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন এবং তৃতীয় সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১০২ শতাংশ অর্জন করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার নির্বাচিত হওয়ায় তাঁদেরও অভিনন্দন জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরও আনন্দের সংবাদ হিসেবে খুলনা বিভাগের সেরা গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় আলমডাঙ্গা উপজেলার দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির কাছ থেকে পুরস্কৃত হয়েছেন।
এ সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম-২০২৬-এর অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিশেষ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এ ছাড়া দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে জেলা আনসার কমান্ডারের আয়োজনে কলেজ পর্যায়ে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
একই স্থানে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার অংশ নিয়ে সামাজিক অপরাধ ও ব্যাধি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা প্রশাসক লুৎফুন নাহারের অংশগ্রহণের মধ্য দিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি, জনস্বাস্থ্য, কারিগরি ও উপানুষ্ঠানিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের চিত্র উঠে আসে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM