গাইবান্ধার লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
জোবায়দুল হোসেন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) গাইবান্ধা সদর থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর অভিযুক্ত সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় অন্য অভিযুক্তরাও তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করতে পারেননি বলে আবেদনে উল্লেখ করেছেন তাঁর ছেলে।
অভিযোগে সাদা মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM