জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের দৌরাত্ম্য রুখতে কুমিল্লা জেলাজুড়ে একযোগে জোরালো সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ৩৫১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার যেসব এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক কারবার এবং ছিনতাইয়ের অভিযোগ ছিল, সেসব স্থানকে কেন্দ্র করেই এ রাতের বিশেষ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে, অপরাধের সরাসরি প্রমাণ না থাকা এবং প্রথমবার সতর্ক করার উদ্দেশ্যে বাকী ২১৯ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা এবং জেলাকে মাদক ও ছিনতাইমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে সাধারণ বা নিরপরাধ কোনো মানুষ যাতে বিন্দুমাত্র হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা পুলিশের সর্বোচ্চ নজরদারি রয়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে, জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা দিয়ে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অপরাধে সরাসরি সম্পৃক্ততা থাকায় ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM