রাজশাহী ব্যুরো
রাজশাহীর দুর্গাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় শামীম রেজা (২৬) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে আকরাম স্বর্ণকারের বসতবাড়িসংলগ্ন পুরাতন পানহাটার সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত ১২টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর থানার হাটকানপাড়া বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গোপালপাড়া গ্রামে একটি ট্রাকে করে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের তৎপরতায় ট্রাকচালক শামীম রেজাকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।
গ্রেপ্তার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
পরে বিধি মোতাবেক শামীম রেজার দেহ ও তাঁর ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের চালকের আসনের নিচে একটি ব্যাগের ভেতর রাখা ৩৮টি জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পলাতক অপর অভিযুক্তের নাম মোঃ জনি আলী (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দানিয়ালপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে। অভিযান চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও জব্দ করা ট্রাকের ঘটনায় গ্রেপ্তার শামীম রেজা এবং পলাতক জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজশাহীর দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM