মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না:
মানুষের বিবেক ও মানবিকতা কতটা নিচে নামলে একজন অসহায় পঙ্গু ভিক্ষুকের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া যায়? মাদারীপুরের কালকিনিতে ঘটে যাওয়া এক নৃশংস চুরির ঘটনা সেই প্রশ্নই নতুন করে তুলে দিল।
জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাই সরদারের চর বেপারী কান্দির বেপারীবাড়ির বাসিন্দা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল জলিল। দীর্ঘ ৮-১০ বছর ধরে পঙ্গুত্ব বরণ করে লাঠিতে ভর দিয়ে গ্রাম থেকে গ্রামে ভিক্ষা করে বাঁচেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, একা চলতে অক্ষম আব্দুল জলিল প্রতিদিন এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং হাটে-বাজারে ঘুরে ৫-১০ টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতেন। কেউ দিলে খাবার জোটে, না দিলে না খেয়েই দিন কাটে তার। এভাবে ভিক্ষা করে পাওয়া চাল আর সামান্য খুচরো অর্থ জমা ছিল তার ছোট্ট কুঁড়েঘরে। তার এক বোন ছাড়া আর কেউ নেই, বোনটি এসে মাঝে মাঝে রান্না করে খাইয়ে যেতেন।
ঘটনার দিন রাতে তিনি ঘরেই ঘুমিয়ে ছিলেন। চোরেরা কৌশলে তার ঘরের সামনের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তার ভিক্ষা করে জমানো শেষ সম্বলটুকু—কিছু চাল ও সামান্য জমানো টাকা লুটে নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে ঘরের এই দশা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। শেষ অবলম্বন হারিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন, যা দেখে ভিড় করা অনেকের চোখেই জল চলে আসে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, যে মানুষটা প্রতিদিন ভিক্ষা করে পেটের ভাত জোগাড় করে, তার ঘরেও যখন চুরি হয়, তখন সমাজে আর মানবিকতা বলতে কিছু থাকে না।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM