জেলা প্রতিনিধি, রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার:
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা গভীর রাতে আগুন দিয়েছে বলে অভিযোগ। এতে কার্যালয়ের বাইরের সাইনবোর্ড ও লোহার গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল। তিনি অভিযোগ করেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি এ ঘটনা ঘটিয়েছে। তারা সাইনবোর্ড ও লোহার গেটের ব্যাপক ক্ষতি করলেও তালা ভেঙে ভেতরে ঢুকতে পারেনি। কার্যালয়টি পুরোপুরি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
মঞ্জুরুল আলম বলেন, এটা বিএনপির জন্য অস্তিত্বের ব্যাপার। জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, গাজী আহসান হাবিব, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম পিন্টু বলেন, রাজবাড়ীর শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। এসব দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। আগুন দিয়ে জেলা বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে কার্যালয়ের বেশ কিছু ক্ষতি হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক আতর আলী জানান, শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত পাহারা দিয়ে তিনি বাড়ি চলে যান। সকালে এসে দেখেন, কার্যালয়ের সামনের গেটে আগুন দেওয়া হয়েছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM