
হাসান খান স্টাফ রিপোর্টারঃ
মাদক নয়, মাঠের খেলাই হোক তরুণদের বিনোদন ও সুস্থ জীবনের পথ—এমন বার্তা ছড়িয়ে দিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। মুখোমুখি হয়েছিল স্থানীয় বিবাহিত ও অবিবাহিতদের দুটি দল। মাঠের লড়াইয়ে জয় পেয়েছে অবিবাহিত ফুটবল একাদশ।
‘মাদক ছাড়ি, মাঠে আসি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাড়াদী (বহরপুর) রেলওয়ে ফুটবল মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাটি দেখতে মাঠে হাজির হন বিভিন্ন বয়সী দর্শক। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ৯০ মিনিটের ম্যাচ। দুই দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য আসে অবিবাহিত একাদশের পায়ে। ১-০ গোলের ব্যবধানে বিবাহিত একাদশকে হারিয়ে জয় নিশ্চিত করে তারা। ম্যাচটি পরিচালনা করেন রেফারি মিঠুন।
আয়োজকদের মতে, মাদকের বিরুদ্ধে শুধু সভা-সমাবেশ কিংবা প্রচারণা চালালেই হবে না; তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করাও জরুরি। সেই চিন্তা থেকেই ব্যতিক্রমী এ ম্যাচের আয়োজন।
আয়োজক মো. শাকিব মোল্লা, আবির মোল্লা, নজরুল ইসলাম, সুজন মল্লিক, আব্দুল হালিম মল্লিক ও নাঈম হোসেন বলেন, মাদকের কারণে একটি পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি এর প্রভাব পড়ে পুরো সমাজের ওপর। তাই তরুণদের নেশার জগত থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তরুণরা মাঠ ও সামাজিক কর্মকাণ্ডে যত বেশি সম্পৃক্ত হবে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও তত শক্তিশালী হবে।
আয়োজকরা জানান, ইসলামপুর ইউনিয়নের যুবসমাজকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও মাদকবিরোধী প্রচার, খেলাধুলা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য নেশার পথ থেকে তরুণদের ফিরিয়ে এনে খেলাধুলার মাঠে সম্পৃক্ত করা এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করা।