রাজশাহী ব্যুরো
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা নিয়ে কোনো গাফিলতি বা তালবাহানা বরদাস্ত করা হবে না। আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। এরাই একদিন খেলোয়াড়, পাইলট, ট্রেনের ড্রাইভার, বিজ্ঞানী, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
রোববার সকালে রাজশাহীর পবা উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে। ছোট ছোট শিক্ষার্থীরা যে যে বিষয়ে পারদর্শী, তাদের সেই বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। শুধু তা-ই নয়, সরকারিভাবে তাদের ভাতার ব্যবস্থাও করা হবে।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা না থাকলে কেউ কখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের কথা মান্য করা এবং গুরুজনদের সম্মান করার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মুজাহিদ, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য মাজদার রহমান এবং পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM