রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায় পারস্পরিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পাল্টাপাল্টি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি মোঃ বারিউল (৪০)। তিনি বাকির মোড় এলাকার বাসিন্দা ও পেশায় দোকানদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোঃ রাসেল (৩০), পিতা মোঃ জাকির হোসেন, চণ্ডিপুর এলাকার বাসিন্দা, গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
এ ঘটনার জের ধরে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে ডিঙ্গাডোবা রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে ফিরোজের মুদিখানা দোকানের সামনে বাকির মোড় এলাকায় মোঃ বারিউলকে প্রতিপক্ষের লোকজন মারধর করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বারিউল রাজপাড়া থানাধীন বাকির মোড় এলাকার ৮৫৪ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা। তার বাবার নাম বদরুল ইসলাম।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রাজপাড়া থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM