রাজশাহী ব্যুরো
রাজশাহীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকা থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু আসফিয়াকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহীতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি সুস্থ ও নিরাপদে নিজ বাড়িতে রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিরোইল কলোনির ৪ নম্বর গলির বাসিন্দা মোছা: আসফিয়া (৬), পিতা—মোঃ আজিম উদ্দিন, মায়ের বকাঝকার পর অভিমান করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে রাজশাহী রেলস্টেশনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনে উঠে পড়ে।
শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ ও পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা চন্দ্রিমা থানা পুলিশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে যান।
সেখান থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের সদস্যরা রাজশাহীতে নিয়ে আসেন। বর্তমানে আসফিয়া তার নিজ বাড়িতে পরিবারের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।
শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চন্দ্রিমা থানা পুলিশের সহযোগিতায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM