বিশেষ প্রতিনিধি গাইবান্ধা ও রংপুর জেলাঃ
গাইবান্ধায় বৈরী আবহাওয়া ও টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেপ্টেম্বর মাসের শেষ ভাগে এসে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় সাধারণ পথচারী, কর্মজীবী মানুষ ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। বিশেষ করে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট, কাচারী বাজার, নতুন বাজার, পুরাতন বাজার, খানকাহ শরীফ এলাকা, মান মোড়, মাস্টারপাড়া, মুন্সীপাড়া ও পূর্বপাড়াসহ বিভিন্ন স্থানে মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তাঘাটে রিকশা ও ইজিবাইকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু যানবাহন চালক স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যানবাহন না পেয়ে অনেককে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে সকালেই কাজে বের হওয়া এসব মানুষের অনেকেই বৃষ্টির কারণে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি। আবার অনেকে কাজের সুযোগ হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে জেলার বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়কে কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। শহরের নিচু ও ভাঙাচোরা সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে যান চলাচলের পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই সঙ্গে ছাতা বা রেইনকোট না থাকায় ভিজে বাড়ি ফিরেছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের ভোগান্তি ছিল বেশি।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গাইবান্ধা ও আশপাশের এলাকায় আগামী দু-একদিন আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM