রাজশাহীতে শান্তি বিনষ্টের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মাহফুজুর রহমান রিটন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বেশ কিছু দফা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। তাঁর দাবি, দেশের অগ্রযাত্রার এ সময়ে বিভিন্ন মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, ‘রাজশাহী শিক্ষানগরী, শান্তির নগরী। এই মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
ছাত্রশিবিরের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল বিএনপির নেতাকর্মীদের আবেগের জায়গা। তাই ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য না দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদলকে নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে রাজশাহীতে অবস্থান করার মতো ‘স্পর্ধা’ দেখানো উচিত নয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
সমাবেশে মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশকে কেন্দ্র করে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাটার মোড়ে জড়ো হন। পরে সেখানে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM