
ওয়াহেদুল ইসলাম জেলা প্রতিনিধি (দিনাজপুর)
পার্বতীপুর উপজেলা (দিনাজপুর) এ পারিবারিক বিরোধের জেরে ফাল্গুনী রায় (২৪) নামে এক নারীকে লোহার সাবল দিয়ে মাথা ও মুখে আঘাত করে হ/ত্যার অভিযোগ উঠেছে তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে ফাল্গুনী রায়কে লোহার সাবল দিয়ে মাথা ও মুখে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ল্যাম্ব হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা নবকান্ত রায় বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় কনক রায় (২৬)সহ কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই)মমিনুর রহমান ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছেন বলে জানা গেছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
নিহত ফাল্গুনী রায়ের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমাদের সাংবাদিকদের বলেন “ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”