রাজশাহী ব্যুরো
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে একটি পথসভায় মিলিত হয়।
পথসভায় জামায়াত নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তাঁরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহপ্রচার ও মিডিয়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আশু, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব সেক্রেটারি, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি, কাশিয়াডাঙ্গা থানা আমির ফরিদ উদ্দিনসহ মহানগরী ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু একটি পণ্যের দাম বাড়ানোর বিষয় নয়। এর সঙ্গে পরিবহন, কৃষি, উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতের ব্যয় সরাসরি জড়িত। ফলে জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়বে।
তাঁরা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মতামত, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জামায়াত নেতাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এর ফলে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এতে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা আরও বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকট রয়েছে বলেও তাঁরা দাবি করেন। বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমছে বলে বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।
বক্তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাঁরা বলেন, জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়—এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান জামায়াত নেতারা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM