বিশেষ প্রতিনিধি (গাইবান্ধা ও রংপুর) সরকার শাহাদত হোসেন:
মাত্র ৩১ হাজার টাকার বিনিময়ে নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় গাইবান্ধায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা, মধ্যস্থতাকারী ও ক্রেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
গ্রেফতারকৃতরা হলেন— সাদুল্লাপুর উপজেলার সাহারাবাজার (মন্দুয়ার) গ্রামের বাসিন্দা ও শিশুটির বাবা মো. হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মো. আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোছা. মোর্শেদা খাতুন (৪৫) এবং একই গ্রামের মোছা. জেসমিন আক্তার (২৮)।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই হামিদুল ইসলাম বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তার ১৩ মাস বয়সী কন্যা ফাতেমা আক্তার জান্নাতকে বাড়ি থেকে বাজারে নিয়ে যান। পরে আব্দুল মজিদ সরকার ও মোর্শেদা খাতুনের মধ্যস্থতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
ঘটনার পর সন্তানের খোঁজ না পেয়ে শিশুটির মা মোছা. রোমানা খাতুন (২২) আদালতের দ্বারস্থ হন। তিনি ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আবেদন করলে আদালত গত ২৭ আগস্ট শিশুর বাবার বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট) জারি করেন।
আদালতের নির্দেশনা ও পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। রোববার সকাল ১০টার দিকে সাদুল্লাপুরের সাহারাবাজার মোড় থেকে প্রথমে হামিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উমরপুর গ্রাম থেকে আব্দুল মজিদ সরকারকে আটক করা হয়।
পরবর্তীতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোর্শেদা খাতুনকে গ্রেফতার করা হয়। এরপর জেসমিন আক্তারের হেফাজত থেকে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, “শিশুটিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মায়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একটি শিশুকে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়ার খবর প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM