রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীরসংলগ্ন এলাকায় চোরাকারবারীরা কিছু ভারতীয় মালামাল পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগটির ভেতর থেকে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেন।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। মালামালগুলো শুল্ক অফিস, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM