নিজস্ব প্রতিবেদক বাঘারপাড়া:
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে গভীর রাতে হিন্দু বসতবাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি দেখিয়ে নগদ ১৩ হাজার ৫০০ টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার দোহাকুলা ইউনয়িনের গলগলিয়া গ্রামের সুকুমার গাইনের (৫৫) করা লিখিত অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা রবিউল ইসলাম রবিকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। আটক যুবদল নেতা বাঘারপাড়া পৌরসভার মীরপুর গ্রামের রোস্তম মোল্লার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসভবন থেকে ওই অভিযুক্ত কে আটকের পর অন্য অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। পুলিশ সূত্র জানায় এই ঘটনার সাথে জড়িত তালবাড়িয়া গ্রামের মৃত সামাদ মোল্যার ছেলে যুব নেতা আনিসুর রহমান ও একই গ্রামের লিয়াকত মোল্যার ছেলে যুব নেতা বিল্লাল হোসেনকে ও আটকের চেষ্টা চলছে।
এজাহারে সুকুমার গাইন উল্লেখ করেন, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি উন্নত সেবার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে পাট বিক্রি করে বাড়িতে ১৩ হাজার ৫০০টাকা রেখেছিলেন। এর পাশাপাশি কিছু জমিও বিক্রির চেষ্টা করছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে তিন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে নাম ধরে ডাকতে থাকেন। একপর্যায়ে তাঁকে দরজা খুলতে বলা হয়। দরজা খোলার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাধ্য হয়ে তিনি দরজা খুললে তিনজন ঘরের মধ্যে প্রবেশ করেন। সুকুমার গাইনের অভিযোগ, এসময় তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভারতে যাওয়া ও জমিজমা বিক্রির বিষয় নিয়ে ঝামেলা করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, ভয়ে সুকুমার গাইন রবির হাতে প্রথমে ৫ হাজার টাকা তুলে দেন। পরে তাঁর স্ত্রী শিলা গাইনও আতঙ্কিত হয়ে ঘরে থাকা আরও ৮ হাজার ৫০০ টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন। সব মিলিয়ে ১৩ হাজার ৫০০ টাকা নেওয়ার পর অভিযুক্তরা আরও টাকা দাবি করেন। ঘরে আর কোনো টাকা নেই জানালে অভিযুক্তরা ভয় ভীতি দেখিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি।
ঘটনার পর গত ১৫ সেপ্টেম্বার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা চলাকালীন সময়ে ভুক্তভোগী পরিবার সেখানে স্বশরীরে হাজির হয়ে ঘটনার বিস্তারিত উত্থাপন করেন। এসময় সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য,অধ্যাপক গোলাম রসুল, উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও থানার ওসি শাহ জালাল আলম, ভিকটিম সুকুমার গাইনকে থানায় মামলা করতে পরামর্শ দেন। এরপর ওইদিনই সন্ধ্যায় বাঘারপাড়া থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে মামলার ৩নম্বর আসামি রবিকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।
এবিষয়ে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ও আটকের চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM