বিশেষ প্রতিনিধি,গাইবান্ধা ও রংপুর জেলা:
আট দফা দাবি বাস্তবায়নের প্রত্যয়ে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ পথসভাস্থলে জড়ো হতে থাকেন।
পথসভাকে ঘিরে পলাশবাড়ীর পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ব্র্যাক মোড় পর্যন্ত সড়কে ছিল মানুষের ঢল। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনপদ। নেতাকর্মীদের উপস্থিতিতে চৌরাস্তা মোড় পরিণত হয় এক বিশাল রাজনৈতিক সমাবেশস্থলে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু হয়। রংপুর অভিমুখী এ কর্মসূচির অন্যতম প্রধান পথসভা অনুষ্ঠিত হয় পলাশবাড়ীতে।
জোট ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ, সংকীর্ণ দলীয়করণের অবসান এবং উত্তরাঞ্চলের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন।
পথসভায় বক্তব্য দেন সাবেক জেলা জামায়াতে ইসলামীর নেতা ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, ঠাকুরগাঁও আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি মো. দেলোয়ার হোসেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাগপার সভাপতি শফিউল আলম, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা ও সরকারের কার্যক্রমের মধ্যে দৃশ্যমান ব্যবধান রয়েছে। তারা গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এসব দাবি উপেক্ষিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পথসভাস্থলে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। তাঁর আগমনকে ঘিরে পথসভা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে পলাশবাড়ীজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচি নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM