পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি,
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদকu মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।
গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং এসআরবি-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে গত কাল রাত ৮টা ১০ মিনিটে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় তামিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দুটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেন ওরফে মানিক ওরফে আঙ্গুর (৫৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের আলতাব আলীর ছেলে। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
এসআরবি জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM