শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন রাজমিস্ত্রিসহ দুই যুবক। বুধবার (১৬ সেপ্টেম্বর) পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার বাসিন্দা রাজমিস্ত্রি মো. শাওন হোসেন (২৫) এবং ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামের দিনমজুর হৃদয় শেখ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বাঁখুণ্ডা এলাকায় কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ছাদে থাকা বাঁশ খোলার কাজে ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রি শাওন হোসেন। কিছুক্ষণ পর ট্যাংকের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
শাওনকে উদ্ধারের উদ্দেশ্যে সেখানে নামেন হৃদয় শেখ। কিন্তু তিনিও ট্যাংকের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১টার দিকে শাওন হোসেনের মৃত্যু হয়। এরপর বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয় শেখও।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে দুজন অসুস্থ হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাওন ও হৃদয়ের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM