মোঃ মাকসুদ,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামাল ও অটোরিকশার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহের ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে অবৈধভাবে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রসাধনী বহনকারী একটি অটোরিকশা ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM