
মো. ফরিদ আহমেদ, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও গাঁজাসহ রাজিব খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি দল রাজিব খাঁর বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলে ‘MADE IN USA’ ও ‘N 1101’ লেখা রয়েছে। পরে আলামতগুলো জব্দ করা হয়। আটক রাজিব খাঁ বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশের তথ্যমতে, রাজিব খাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক, জুয়া, মারামারি, ভাঙচুর, চুরি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইন-১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।