‘মাদক ছেড়ে মাঠ ধরি, গাছ লাগিয়ে সবুজ গড়ি’— গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার ব্যতিক্রমী আয়োজন
বিশেষ প্রতিনিধি ,রংপুর ও গাইবান্ধা জেলা
পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— ‘গাছ লাগাই যত্ন করি, সুন্দর এক পৃথিবী গড়ি; মাদক ছেড়ে মাঠ ধরি, সুস্থ সুন্দর জীবন গড়ি।’ কর্মসূচির শুরুতে মাঠ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা শহর সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাদী সরকার, নির্বাহী সদস্য সাংবাকি মাসুদ মুকুল, খন্দকার তৌফিকুল ইসলাম, এনতাজ আলী, আব্দুল কুদ্দুস, নুরন্নবী চৌধুরী, মাকসুদার রহমান ও কান্তি ভূষণসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. শফিউল ইসলাম।
পরে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালিকা) দল এবং ফুটবল একাডেমি মহিলা দল। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, চাকরিজীবী কল্যাণ সংস্থা গাইবান্ধার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM