শাহীন আলম ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে একটি কলেজের কয়েকজন শিক্ষকের কাছে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে চাঁদা দাবি এবং টাকা না দিলে পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ধারাবাহিকভাবে একাধিক শিক্ষককে ফোন করে ভয়ভীতি দেখানোর ঘটনায় শিক্ষক ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কলেজের পাঁচ শিক্ষক বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি করা শিক্ষকদের মধ্যে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক পরেশ কুমার পাল রয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ ও থানায় করা জিডি সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর কলেজে থাকা অবস্থায় পরেশ কুমার পালের মোবাইল ফোনে কল আসে। কলদাতা নিজেকে ‘গৌতম বিশ্বাস’ পরিচয় দিয়ে দাবি করেন, তিনি বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী এলাকায় ‘সর্বহারা পার্টির’ দায়িত্বে রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি কারাগারে থাকা কয়েকজন সহযোগীকে জামিনে বের করার কথা বলে প্রথমে এক লাখ টাকা দাবি করেন। পরে ২৫ হাজার ৫০০ টাকা ‘টোকেন মানি’ হিসেবে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে পরিবারসহ ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে জানান শিক্ষক পরেশ কুমার পাল।
একই ধরনের ফোন ও হুমকি পাওয়ার অভিযোগ করেছেন কলেজের শিক্ষক নিলয় কুমার সাহা, সজল কান্তি বিশ্বাস, প্রদীপ কুমার সাহা ও দেবাশীষ রায়। দেবাশীষ রায় জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আরও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ছাড়া কলেজটির সাবেক শিক্ষক রবীন লস্করও একই ধরনের ফোন পাওয়ার কথা জানিয়েছেন। আতঙ্কের মধ্যে তিনি হুমকিদাতাদের দেওয়া একটি বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন বলে জানান।
একই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষককে এভাবে লক্ষ্য করে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষক পরেশ কুমার পাল বলেন, এ ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনকলের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো প্রতারক চক্র চরমপন্থি সংগঠনের নাম ব্যবহার করে শিক্ষকদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করতে পারে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM