মো: সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ায় স্ত্রী ও দুই বছরের শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তরিকুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তরিকুল ইসলাম হৃদয় ১০–১৫ জন সহযোগীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির সামনে এসে ধারালো অস্ত্রসহ হামলা চালান। এ সময় স্ত্রী মাকসুদা আক্তার ফাতেমা (২২) ও তাদের দুই বছরের শিশুসন্তানকে লক্ষ্য করে হামলা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মাকসুদার চিৎকার শুনে তার ১৬ বছর বয়সী ভাই ইউসুফ এগিয়ে এলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত হৃদয়কে একটি রামদাসহ আটক করে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। আহত ইউসুফ বর্তমানে সাভার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মাকসুদা আক্তার ফাতেমার দাবি, স্বামী তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে ও তার শিশুসন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে হামলায় অংশ নেওয়া অন্য অভিযুক্তরা পালিয়ে গিয়ে পুনরায় হামলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এতে তিনি ও তার শিশুসন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করা হবে।"
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM