রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৩১০ পিস ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদক কারবারি ব্যাগ ফেলে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর পদ্মা নদীর পাড়ে এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানতে পারে, মাদক কারবারিরা অবৈধভাবে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। পরে তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার চক মুক্তারপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে অবস্থান নেয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ছোট একটি ব্যাগ হাতে নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করতে ধাওয়া করলে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩১০ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্যসহ অন্যান্য তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM