সঞ্জু বনিক সৌরভ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলার সৌন্দর্যবর্ধন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে তেঁতুলিয়া বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসাইন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাজার পরিদর্শনকালে তিনি তেঁতুলিয়া চৌরাস্তা মোড়ে সড়কের ওপর এলোমেলোভাবে বাস দাঁড়িয়ে থাকা, অনিয়ন্ত্রিত ভ্যান ও অটোরিকশা স্ট্যান্ড এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানপাটসহ বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় বাজারের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেন ইউএনও। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, পথচারীদের ভোগান্তি এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা সরাসরি শোনেন ইউএনও। পাশাপাশি বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো লিপিবদ্ধ করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে বাজারে যানবাহন রাখার নির্দিষ্ট স্থান নির্ধারণ, অটোরিকশা ও ভ্যানের স্ট্যান্ড ব্যবস্থাপনা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং দোকানপাটের সুশৃঙ্খল ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, তেঁতুলিয়া বাজারকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে বাজারের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। এতে স্থানীয়দের মধ্যে বাজারের পরিবেশ ও যান চলাচলে শৃঙ্খলা ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM