রাজশাহী ব্যুরো:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয় না; বরং নৈতিকতা, পারস্পরিক বন্ধন ও সমাজকে এগিয়ে নেওয়ার শিক্ষা দেয়। শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক একাডেমিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ববিদ্যালয় দিবস (প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে যেসব প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক অটুট ছিল, সেখানে অল্প সময়ের মধ্যেই সবকিছু পেছনে ফেলে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়েছে। অন্যদিকে, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক দৃঢ় ছিল না, সেখানে এখনও নানা সমস্যা রয়ে গেছে।
তিনি বলেন, জীবনে চলার জন্য প্রয়োজনীয় শিক্ষা, নৈতিকতা এবং পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ থেকে সমাজকে এগিয়ে নেওয়ার প্রাথমিক শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকেই পাওয়া যায়। রুয়েট সেই পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। রুয়েটের ক্যাম্পাস শান্ত ও স্নিগ্ধ। এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী এবং গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চান।
গবেষণার জন্য অর্থের অভাব নেই উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয়েই কোনো না কোনোভাবে গবেষণার জন্য অর্থ বরাদ্দ রয়েছে। তবে এসব অর্থ ও উদ্যোগের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এ কারণে গবেষণার পর্যাপ্ত সুযোগ নেই বলে মনে হয়। এই সমস্যা দূর করতে ইউজিসি ‘রিসার্চ রিপোজিটরি ডেভেলপমেন্ট’ প্রকল্প হাতে নিয়েছে।
তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে কোথায় গবেষণার প্রয়োজন এবং কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার তা চিহ্নিত করা হবে। একই সঙ্গে গবেষণা তহবিলের বিভিন্ন উৎসও খুঁজে বের করা হবে। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো বেশি উপকৃত হবে।
গবেষণা ও প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, মেধাবীরাই প্রকৌশলী হন। সবচেয়ে মেধাবীরা যখন প্রকৌশলী বা চিকিৎসক হন, তখন তাদের কাছে জনগণের প্রত্যাশাও বেশি থাকে। তারা যেন দুর্নীতিমুক্ত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠেন, সেটি নিশ্চিত করা জরুরি। প্রকৌশল শিক্ষার পাশাপাশি একজন প্রকৌশলীকে সমাজের সঙ্গে বন্ধন তৈরি এবং নৈতিকতার মানদণ্ডে অবিচল থাকার শিক্ষাও অর্জন করতে হবে।
গবেষণা শুধু প্রকাশনা, সাইটেশন কিংবা ব্যক্তিগত গবেষণা-প্রোফাইল সমৃদ্ধ করার জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমানের উন্নয়ন এবং দেশের বাস্তব সমস্যার সমাধান। দেশের ছোট-বড় সমস্যা চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের পথ বের করতে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ইউজিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
রুয়েটে গবেষণার সুযোগ-সুবিধা বাড়ানোর দাবির প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির দাবি বেশি শোনা যায়। কিন্তু রুয়েটে গবেষণার পরিবেশ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। গবেষণাগার স্থাপন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে ইউজিসি সহযোগিতা করবে।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে রুয়েট প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ক্যাফেটেরিয়ায় গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনীর আয়োজন করা হয়। দুপুরে যোহরের নামাজের পর রুয়েটের অগ্রযাত্রা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM