সজীব খান,চাঁদপুর:
চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান। তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে সড়ক ও সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা অর্জন করা ভূঁইয়া রেদওয়ানুর রহমানের নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে চাঁদপুরের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে আশাবাদ তৈরি হয়েছে।
ভূঁইয়া রেদওয়ানুর রহমান এর আগে সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে সড়ক বিভাগে যোগদানের পর ২০১৪ সাল পর্যন্ত তিনি সড়ক ভবনে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এরপর নরসিংদীর শিবপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ঢাকা কল্যাণপুর সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ভবনের প্রধান কার্যালয়ের এইচডিএম অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি সড়ক ও সেতুসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার কারণে চাঁদপুরের সড়ক অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, “চাঁদপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্পগুলোর যথাসময়ে বাস্তবায়ন এবং সড়ক ও সেতুর গুণগত মান নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, চাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, চাঁদপুরের সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলো আরও গতিশীল ও মানসম্মতভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। টেকসই অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের যাতায়াতের সুবিধা বাড়ানো এবং সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নবাগত নির্বাহী প্রকৌশলী বলেন, “উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু কাজ শেষ করাই নয়, কাজের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
তিনি জানান, নিয়মিত তদারকি, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চাঁদপুর জেলার সার্বিক সড়ক অবকাঠামো উন্নয়নে সড়ক বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা হবে।
দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁদপুরের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি সড়ক রক্ষণাবেক্ষণ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM