অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশাচালক নাজিম উদ্দিনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির সাজা ঘোষণা করেছেন আদালত। এতে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন— ফাঁসির আদেশপ্রাপ্ত মো. পলাশ (২৫) এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তোফায়েল আহমেদ নাসিম (২১) ও মো. শাকিল (২২)। তারা সবাই নগরীর মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে নিজ অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন সদরের গোপালনগর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন। পথিমধ্যে আসামিরা তার ওপর হামলা চালিয়ে মারাত্মক ছুরিকাঘাত করে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পলাশকে অটোরিকশাসহ হাতেনাতে ধরে ফেলে পুলিশে দেয়। তবে গুরুতর জখম নাজিম ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গ্রেপ্তার পলাশের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বাকি দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।এ মর্মান্তিক ঘটনার পর নিহতের ভাই নাসির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আকরাম হোসেন জানান, আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার এবং তারা দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM