রাজশাহী ব্যুরো:
হোটেল-রেস্তোরাঁ ও বেকারি সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন কার্যকর এবং শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা পরিকল্পিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে শ্রম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে হোটেল-রেস্তোরাঁয় কর্মরত শ্রমিক প্রতিনিধিদের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, রাজশাহী জেলার আহ্বায়ক ফিরোজ হোসেন এবং সদস্য সচিব মোঃ মিঠুন। এছাড়া সংগঠনের ৮-১০ জন শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, হোটেল-রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকদের দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে কাজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের দীর্ঘ সময় কর্মরত রাখা হলেও যথাযথ মজুরি ও অতিরিক্ত কাজের আইনগত সুবিধা দেওয়া হয় না। একই সঙ্গে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদানসহ শ্রম আইনের বিভিন্ন বিধান যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।
শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে স্মারকলিপিতে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হোটেল-রেস্তোরাঁ ও বেকারি সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়ন; নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান এবং ৮ ঘণ্টা কর্মদিবসসহ শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন; ন্যূনতম মজুরি প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; দীর্ঘ সময় কাজ করিয়ে যথাযথ মজুরি ও অতিরিক্ত কাজের আইনগত সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা।
এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পরিদর্শন ও তদারকি জোরদার, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা পরিকল্পিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হোটেল শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
শ্রমিক প্রতিনিধিরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান কার্যক্রম শেষ হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM