
মোস্তাফিজুর রহমান লিটন,রাজশাহী ব্যুরো:
৩১ আগস্ট ‘২৬ সোমবার,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে। দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন স্থান সাজানো হয়েছে বর্ণিল সাজসজ্জায়। এতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কর্মসূচিকে সফল করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে বিএনপির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জনবহুল এলাকায় ওভারহেড বিলবোর্ড ও ব্যানার টানানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে। এসব ডিসপ্লেতে দলটির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং ব্যাপক প্রস্তুতির কারণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র্যালি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সুবিধাজনক সময়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।”
তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। এসব প্রচারণায় বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথচলার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।