রাজবাড়ীতে গাঁজাসহ ৩ যুবক আটক
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী সদর উপজেলার লোকোশেড ও বেড়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদরের লোকোশেড ও বেড়াডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, মো. আবুবকর সিদ্দিক।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার আলম পাঠানের ছেলে পাভেল পাঠান (২০), বানীবহ এলাকার নাছির মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৬) এবং খোলাবাড়িয়া এলাকার কামালের ছেলে মো. কাদের (২০)।
অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পাভেল পাঠান ও মো. কাদেরকে তিন দিন করে এবং মো. রনি মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে লোকোশেড ও বেড়াডাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM