মুহাম্মদ শোয়াইবুল ইসলাম বাঁশখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাঁশখালী পৌরসভার প্রথম ও সাবেক মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী।
রোববার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ সালের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে গঠিত এ কমিটি স্মারক জারির তারিখ থেকে ছয় মাস দায়িত্ব পালন করবে। কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনীকে সভাপতি করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার মনোনীত অমৃত কারন শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত মো. সাইদুল ইসলাম অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চক্রবর্তী পদাধিকারবলে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুযায়ী, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। এদিকে, বাঁশখালী পৌরসভার প্রথম ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীকে এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহলের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, কামরুল ইসলাম হোসাইনীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM