সাঈদ ইবনে হানিফ যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় শুরু হয়েছে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। উপজেলার ১০টি জোনে একযোগে শুরু হওয়া এ প্রতিযোগিতাকে ঘিরে মাঠে মাঠে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জানা গেছ, উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৩২টি মাদরাসা ও ১৩টি কলেজসহ মোট ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
৩০আগস্ট ভোর থেকেই উপজেলার —জহুরপুর রামগোপাল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠ, দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, দরাজহাট ইউনিয়নের পিএইচএল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠ মিলে মোট ১০ টি মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতার অংশ হিসেবে এদিন বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সহকারী শিক্ষক সুমন হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অনাচার থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিযোগিতায় বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিটি মাঠেই দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। প্রিয় দল ও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে ভিড় করছেন সহপাঠী, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে উঠছে খেলার মাঠ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিভিন্ন ধাপের খেলা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। প্রতিটি জোন থেকে যোগ্যতা অর্জনকারী দল পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে। এর মাধ্যমে বাঘারপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করারও একটি কার্যকর মাধ্যম। খেলাধুলার এই আয়োজনের মধ্য দিয়ে মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে ওঠার পাশাপাশি বাঘারপাড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ঘটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM