মোস্তাফিজুর রহমান লিটন , রাজশাহী ব্যুরো:
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা আজও তাদের সন্ধান পাননি। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, পরিবারের ন্যায়বিচার নিশ্চিত এবং ভবিষ্যতে গুমের মতো মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা|
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও গুম প্রতিরোধ ও প্রতিকার নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। সম্প্রতি প্রণীত গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬-এ কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠলে অন্য একটি বাহিনীকে দিয়ে তদন্তের বিধান রাখা হয়েছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় বলে তারা মন্তব্য করেন।
তারা বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এ এ ধরনের অভিযোগের তদন্তের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছিল। গুমের অভিযোগের তদন্ত কোনো শৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে ‘অধিকার’-এর পক্ষ থেকে সরকারের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীর পরিবর্তে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করে তা আইনে স্পষ্টভাবে উল্লেখ করা; গুমের পর এখনও নিখোঁজ ব্যক্তিদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত আইনগত কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা; এবং গুমের পর ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা।
বক্তারা অভিযোগ করেন, গুমের পর ফিরে আসা অনেক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে নির্যাতন বা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে বিচারিক প্রক্রিয়ায় কঠোর সাজা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। এসব মামলা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ‘দৈনিক আমার দেশ’-এর রাজশাহী প্রতিনিধি ও ‘অধিকার’ রাজশাহীর কো-অর্ডিনেটর মোঃ মঈনউদ্দিন , রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ‘অধিকার’ রাজশাহীর কর্মী মাসুদ রানা রাব্বানী, ‘দৈনিক আমার দেশ’-এর রিপোর্টার ও ‘অধিকার’ রাজশাহীর সদস্য এস এম শামীম, দৈনিক ঢাকার ডাকের ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান রানা , বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম ও মানবাধিকারকর্মী মাহমুদসহ অন্যরা।
পরিশেষে বক্তারা দেশে আর যেন কোনো ব্যক্তি নির্যাতন ও গুমের শিকার না হন, সে জন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি শেষ হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM