সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাউছার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
বক্তব্যে এনাম চৌধুরী বলেন, “গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু চারা বিতরণ করলেই হবে না, এগুলো রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি হলে এর সুফল পুরো সমাজে ছড়িয়ে পড়বে।”
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের একটি চারা আগামী দিনের বড় গাছে পরিণত হয়ে মানুষ ও পরিবেশের উপকার করবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াসিন, সিনিয়র শিক্ষক আবু নোমান, সায়িদুর রহমান, নুরুল আমিন, শাহজান প্রধানীয়া, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, জাকিয়া সুলতানা, আছমা আক্তার, হ্যাপী পাল ও মো. তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা চারা গ্রহণ করে তা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM